অশ্রুসজল চোখে দু’হাত তুলে জিল্লুর রহমানের জন্য প্রার্থনা

অশ্রুসজল চোখে লাখো মানুষ দু’ হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন। গতকাল শনিবার বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জিল্লুর রহমানের কুলখানি অনুষ্ঠানে ৭ মিনিটের বিশেষ মোনাজাতে এ দোয়া চাওয়া হয়। কুলখানি অনুষ্ঠানকে ঘিরে পুরো বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সর্বস্তরের জনতার ঢল নামে। এর আগে বাদ জোহর থেকে বায়তুল মোকাররমে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আছর মিলাদ মাহফিল শেষে রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত শুরু হয় বিকাল ৫টা ৪০ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি অধ্যক্ষ সালাহউদ্দিন। এর আগে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাসউদুর রহমান। মোনাজাতে অংশ নেয়া দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ সকলের প্রিয় এই মানুষটির জন্য দোয়া চাইতে গিয়ে চোখের পানি আটকে রাখতে পারেনি। মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান পাপন এমপি, দুই মেয়েসহ পরিবারের সদস্যরা। এছাড়া কুলখানি অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি রাষ্ট্রসমূহের কূটনীতিক, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর সদস্যসহ সর্বস্তরের লাখো মানুষ। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কুলখানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (এ) মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, জাসদ (রব) সভাপতি আ স ম আব্দুর রব, বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী ফারুক খান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, দপ্তর সম্পাদক সহীদুল ইসলাম মিলন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ প্রমুখ। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। গতকাল শনিবার বেলা ১১টা ৫৫ মিনিটে বনানী কবরস্থানে জিল্লুর রহমানের কবর জিয়ারত করেন নাজমুল হাসান পাপন এমপিসহ তার পরিবারের সদস্যরা । এ সময় উপস্থিত ছিলেন পাপনের স্ত্রী রোখসানা হাসান, মেয়ে রুস্মিয়া রহমান, পুত্র রাফসান জিল্লুর রহমানসহ প্রয়াত রাষ্ট্রপতির দুই খালাতো ভাই। বনানী কবরস্থানের ১৪৯৩/৮৩ নম্বর কবরের সামনে দাঁড়িয়ে এ সময় প্রায় ১০ মিনিট অবস্থান করেন তারা। কবর জিয়ারত শেষে নাজমুল হাসান পাপন নিজে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পিতা মোঃ জিল্লুর রহমান ও মাতা আইভী রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এক পর্যায়ে পাপন কান্নায় ভেঙ্গে পড়েন। পরে মোনাজাত শেষে কবরের মাটিতে হাত বোলান পাপন ও তার পরিবারের সদস্যরা। কবরস্থানে কিছুক্ষণ অবস্থান করে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা হন তারা। এদিকে বনানী বিদ্যা নিকেতনের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল, কূটনীতিক ও শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই প্রয়াত জিল্লুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাদ জোহর রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমানের আত্মার শান্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা ও কর্মচারীরা মাহফিলে অংশ নেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি অধ্যক্ষ সালাহউদ্দিন।