জৈন্তাপুরে সংঘর্ষে আহত শতাধিক
ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ভাংচুর
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২২:২৬
তুচ্ছ ঘটনার জের ধরে সিলেটের জৈন্তাপুরে শনিবার সকালে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় চিকনাগুল বাজারের দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে ভাড়া নিয়ে ফতেহপুর ইউনিয়নের দুই যাত্রীর সাথে চিকনাগুল ইউনিয়নের এক গাড়ি চালকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনার জের ধরে শনিবার ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন চিকনাগুল বাজারে এসে হামলা চালায়। সংঘর্ষের পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫ টা) সিলেট-তামাবিল সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফহেতপুর ইউনিয়নের কয়েক হাজার লোক চিকনাগুল বাজারে এসে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় এবং অন্তত ২০টি বাড়িতে আগুন দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্যপ্রয়াত কোমপানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমানের আত্মীয়-স্বজনের বাড়ি ও হাবিবনগর চা বাগানের বাংলো। বাংলোতে অবস্থানরত এক অতিথির গাড়িও আগুনে পুড়িয়ে দেয়া হয়।
স্থানীয়রা জানান, বাজারে হামলা ও অগ্নিসংযোগের পর ফতেহপুর ইউনিয়নের লোকজন ফিরে যাওয়ার সময় পুলিশ পেছন থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। ঘটনার পর থেকে সিলেট-তামাবিল সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জৈন্তাপুর থানার ওসি আবদুল জলিল জানান, ফতেহপুর ইউনিয়নের হরিপুর এলাকার হাজার হাজার লোক এসে চিকনাগুল বাজারে হামলা ও অগ্নিসংযোগ করে। হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় পুলিশ তাত্ক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে ফতেহপুর ইউনিয়নের দুই যাত্রীর সাথে ও চিকনাগুল ইউনিয়নের এক গাড়ি চালকের কথা কাটাকাটি ও হাতাহাতি ঘটনার জের ধরে শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চিকনাগুল ইউনিয়নের লোকজন চিকনাগুল বাজারের কাছে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয়া হয়। রাত ৯টার দিকে উভয় ইউনিয়নের লোকজন সিলেট-তামাবিল সড়কে নেমে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আবারো এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং শনিবার সকাল ১০টায় উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক আহ্বান করা হয়। কিন্তু বৈঠক শুরুর আগেই ফতেহপুর ইউনিয়নবাসী চিকনাগুল বাজারে হামলা চালায়।