কাল বৃহত্তর চট্টগ্রামে
সকাল-সন্ধ্যা হরতাল
ডেকেছে জামায়াত
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২২:২৮
দলীয় কর্মী মাইনুল হোসেন মুন্নার মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে আগামীকাল সোমবার বৃহত্তর চট্টগ্রামে হরতাল ডেকেছে চট্টগ্রাম মহানগর জামায়াত। গতকাল শনিবার বিকালে নগরীর প্যারেড ময়দানে মুন্নার নামাজে জানাজা শেষে জামায়াত নেতারা হরতালের ডাক দেন। পরিবারের সদস্যরা মুন্নার মৃত্যুর জন্য পুলিশের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন। স্থানীয় ১৮ দলীয় জোট জামায়াতের এ হরতালের প্রতি সমর্থন জানিয়েছে।
মুন্না জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ভাগিনা। তিনি নগরীর রাহাত্তারপুল এলাকায় শাহজাহান চৌধুরীর আমেরিকা প্রবাসী ভাইয়ের বাসায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ১৬ মার্চ গভীর রাতে শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করার জন্য জেলা পুলিশের একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। পরিবারের সদস্যদের অভিযোগ, অভিযান চলাকালে পুলিশ সদস্যরা মুন্নাকে চার তলা থেকে নিচে ফেলে দেয়। গুরুতর আহত মুন্নাকে চমেক হাসপাতালের ২৬ নাম্বার ওয়ার্ডে চিকিত্সার জন্য ভর্তি করা হয়। গত ছয়দিন তাকে পুলিশ প্রহরায় চিকিত্সা দেয়া হচ্ছিল। অবস্থার অবনতি ঘটায় শুক্রবার রাত ১২টায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরের পর মুন্না মারা যান।