বঙ্গোপসাগরে ট্রলার বহরে ডাকাতি
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২২:২৯
বঙ্গোপসাগরে একটি দস্যু দল গত শুক্রবার গভীর রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত প্রায় ২০-২৫টি ট্রলারে গণ ডাকাতি চালিয়েছে। এ সময় দস্যুরা অন্তত ২০ জেলেকে মুক্তিপণের জন্য ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। অপহূতদের মধ্যে বাগেরহাটের শরণখোলার তিন জেলে রয়েছেন। দস্যুরা প্রত্যেক ট্রলার থেকে জ্বালানি তেলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল বিকালে শরণখোলার মত্স্য সমিতির নেতারা এ তথ্য জানিয়েছেন। শরণখোলার অপহূত জেলেরা হলেন- মনির হোসেন (২৭), মোস্তফা (৪৮) এবং লোকমান হোসেন (৪৫)। অপহূত অন্য জেলেদের বাড়ি পিরোজপুরের পাড়েরহাট ও বরগুনার পাথরঘাটা এলাকায়।
জাতীয় মত্স্য সমিতি শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মজিবর তালুকদার জেলেদের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে শরণখোলা, পাড়েরহাট ও পাথরঘাটার ২০-২৫টি ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরের ১ নম্বর ফেয়ারওয়ে বয়া ও বলেশ্বর নদীতে মাছ ধরছিলেন। রাত তিনটার দিকে অজ্ঞাত বাহিনীর ২৫-৩০ জন সশস্ত্র দস্যু জেলেবহরে হানা দিয়ে এই লুটপাট চালায়।
পূর্ব সুন্দরবনের কচিখালী কন্টিনজেন্টের কোস্টগার্ড কমান্ডার আব্দুল আহাদ জানান, তারা জেলেদের কাছে গণ ডাকাতি ও অপহরণের খবর শুনেছেন।