বঙ্গোপসাগরে অপহূত ২০
জেলের ৭ জনকে উদ্ধার
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২০:৪৮
বঙ্গোপসাগর থেকে গত ২২ মার্চ রাতে বনদস্যু রুবেল ওরফে কালু বাহিনীর হাতে অপহূত ২০ জেলের মধ্যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী ও ভোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
উদ্ধার পাওয়া জেলেরা হলেন:শরণখোলার চাঁনমিয়া হাওলাদারের ছেলে আ. হাকিম (২০), পাথরঘাটার আনিস খানের ছেলে বাদল খান (২৭), পিরোজপুরের মেহের আলীর ছেলে সালাম বাওয়ালী (৩৫), মেহের মোসলেম আলীর ছেলে এনায়েত (৪২), শুকুর আলীর দুই ছেলে রফিক বেপারী (২৫) ও ফেরদৌস বেপারি (১৮) এবং মঠবাড়িয়ার সাপলেজা এলাকার গফফার কাজীর ছেলে সোহাগ কাজী (১৭)। গতকাল বিকাল তিনটার দিকে কোস্টগার্ডের তত্ত্বাবধানে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হয়।
দস্যুদের কাছে জিম্মি থাকা বাকি ১৩ জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার শরিফুল হক জানিয়েছেন।
ট্রলারে ডাকাতি, ১৬ মাঝিমাল্লা আহত
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার বঙ্গোপসাগরে আবারো মাছধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার সকালে উখিয়ার রেজু খালের মোহনার অদূরে এ ঘটনা ঘটে। এ সময় জলদস্যুরা ট্রলারে হামলা চালিয়ে ১৬ মাঝিমাল্লাকে আহত করেছে। এরমধ্যে গুরুতর আহত ৫ জেলেকে শনিবার বিকালে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন:পটুয়াখালী জেলার কুয়াকাটা উপজেলার কলাপাড়া এলাকার মোহাম্মদ ইউসুফ মাঝি, একই এলাকার রতন মিয়া, মোহাম্মদ জলিল, আবদুর রাজ্জাক ও মোহাম্মদ ইব্রাহিম।