অবশেষে নমিনি ভোটার ছাড়াই চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আজ

অবশেষে নমিনি ভোটার ছাড়াই আজ সোমবার চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে প্রায় ৬ হাজার ভোটার ভোট প্রদান করবেন। ইতিপূর্বে দুইবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও নির্বাচন পদ্ধতি ও ভোটার তালিকা নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে ঘোষিত তারিখে নির্বাচন হয়নি। বিশেষ করে একজন ভোটারের অনুপস্থিতিতে নমিনি ভোট দিতে পারবে কিনা তা নিয়ে জটিলতা দেখা দেয়। সংশিষ্ট সূত্রে জানা যায়, দুটি প্রতিদ্বন্দ্বী প্যানেলের এক পক্ষ নমিনি ভোটের পক্ষে অপর প্যানেল বিপক্ষে। দীর্ঘদিন ধরে নমিনি ভোট নিয়ে সংকটের কারণে আগামীকাল নির্বাচন হবে কি হবে না তা অনিশ্চয়তা দেখা দেয়। যদিও সুপ্রীম কোর্টের আপিল বিভাগ আগামী ৩১ মার্চের মধ্যে নির্বাচন করার সর্বশেষ সময়সীমা বেঁধে দিয়েছে। ইতিপূর্বে গত ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসে দুই দফায় নির্বাচনের তারিখ ঘোষণা করলেও মামলার কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ গত শনিবার চট্টগ্রাম চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ড ইতিপূর্বে উচ্চ আদালতে উভয়পক্ষের একাধিক মামলার পরিপ্রেক্ষিতে আদালতের দেয়া রায় পর্যালোচনা শেষে নির্বাচন পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নেয়। নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ১ম নামধারী ব্যক্তি ভোট দিতে পারবেন। দ্বিতীয় বিকল্প হিসাবে যার নাম রয়েছে তিনি ভোট দিতে পারবেন না। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য শামসুল হক ইত্তেফাককে জানান, বোর্ডের সিদ্ধান্তানুযায়ী সোমবার যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে।