সংখ্যালঘুর বাড়িতে
আগুন
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২২:৪১
ময়মনসিংহের হালুয়াঘাটে গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত এক কালি মন্দিরে আগুন দিয়েছে। অন্যদিকে সিলেটের বিয়ানীবাজারে পঞ্চখণ্ড সেবায়েত মন্দিরে গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত হামলা করে প্রতিমা ভাংচুর করেছে। এছাড়াও গাইবান্ধার সুন্দরগঞ্জে গত শনিবার রাতে এক সংখ্যালঘুর বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুরে মন্দির ভাংচুরের মামলায় গতকাল রবিবার এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। দৈনিক ইত্তেফাকের ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা, বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা ও সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো খবর।
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, হালুয়াঘাট উপজেলার ভাট্টা নয়াপাড়া দক্ষিণ কালি মন্দিরে গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত আগুন দিয়েছে। এ ঘটনায় মন্দিরের একটি প্রতিমা পুড়ে গেছে। মন্দিরের ঠাকুর চঞ্চল চক্রবর্তী জানান, গত শনিবার রাতে মন্দিরের প্রতিমায় আগুন দেখতে পেয়ে তিনি চিত্কার দিলে এলাকাবাসী এসে আগুন নেভায়। কিন্তু তারা কোন দুর্বৃত্তকে শনাক্ত বা দেখতে পায়নি। স্থানীয় সূত্র জানায়, মন্দিরে আগুনের ঘটনায় এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ-উত্কণ্ঠা দেখা দিয়েছে।
বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা জানান, পঞ্চখণ্ড সেবায়েত মন্দিরে গত শনিবার রাতে হামলা করে একদল দুর্বৃত্ত প্রতিমা ভাংচুর করেছে। এ ঘটনা জানার পর গতকাল রবিবার থেকে সংখ্যালঘু সমপ্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও আতংক বিরাজ করছে। মন্দিরে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে গতকাল রবিবার স্থানীয়দের এক বৈঠকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। কারা প্রতিমা ভাংচুর করছে এ বিষয়ে স্থানীয়রা স্পষ্ট করে কিছু জানাতে পারেননি।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, উপজেলায় এক সংখ্যালঘুর বাড়িতে গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত আগুন দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্য তারাপুর গ্রামের বিধু রঞ্জন সরকারের বাড়ির বাইরের উঠানে বিশাল খড়ের গাদায় গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেয়। এ সময় প্রতিবেশীরা চিত্কার করতে করতে এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তারা স্যালোমেশিনের পানি দিয়ে বাড়ি রক্ষাসহ খড়ের গাদার আগুন নিভায়।
এনায়েতপুরে মন্দির ভাংচুরের মামলায় ১ শিবির কর্মী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, এনায়েতপুরে মন্দির ভাংচুরের মামলায় গতকাল রবিবার ভোরে জামায়াত-শিবিরের ১ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত হোসেন আলী গোপরেখী পশ্চিমপাড়া গ্রামের মৃত বারেক ব্যাপারীর ছেলে। তিনিসহ এ পর্যন্ত আওয়ামী লীগ কার্যালয় ও মন্দির ভাংচুরের মামলায় মোট ১৩ জন বিএনপি-জামায়াতের নেতা-কর্মী আটক হলো।