কবিতাও ক্ষুব্ধ আজ
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ১৯:২৭
জাতীয় পতাকা আজ মিছিলে নেমেছে—
মিছিলে নেমেছে দেখো শহীদ মিনার।
বৃক্ষরাও বসে নেই; সাড়া পড়ে গেছে
ধুলো-মাটি-জল আর লতা-গুল্ম-ঘাসে।
বর্গিরা এসেছে ফিরে; শহীদ মিনার
দুর্বৃত্তলাঞ্ছিত আজ বিপন্ন পতাকা;
রক্ত-অশ্রু-হাহাকারে স্বদেশের প্রিয়
অদ্বিতীয় মুখখানি পড়ে গেছে ঢাকা।
বাতাসে বাতাসে রটে গেছে সেই বার্তা
সমুদ্র উঠেছে ফুঁসে; শাহবাগ থেকে
সুন্দরবন—শুধুই বজ্রাহত বাঘের গর্জন;
‘আমরাও আছি’—শহীদেরা যায় হেঁকে।
কবিতাও ক্ষুব্ধ আজ; এমন দুর্দিনে
যারা ঘরে বসে থাকে—শব্দরা সরব
আজ তাদের ধিক্কারে; দুর্বৃত্তের দম্ভের কফিনে
তপ্ত সিসা ঢেলে দিতে একাট্টা সুকান্ত-নজরুল।