দরপতন অব্যাহত
লেনদেন হচ্ছে ব্যাংকিং খাত ঘিরে
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২০:২৯
রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় টানা চার দিন ধরে শেয়ারবাজারে দরপতন হয়েছে। লেনদেনও কমছে অব্যাহতভাবে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক দিন ধরে শেয়ারবাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রাধান্য ছিল ব্যাংকিং খাতের। গতকাল এ খাতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কিছুটা কমলেও বাজারের মোট লেনদেনের ১৯ দশমিক ২৪ শতাংশই হয়েছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর শেয়ারের। আর জ্বালানি খাতের শেয়ারে লেনদেন হয়েছে ১৪ দশমিক ২৭ শতাংশ। বস্ত্র খাতের শেয়ারের লেনদেন হয়েছে ১৩ দশমিক ২১ শতাংশ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৯ পয়েন্ট কমে ৩ হাজার ৭২৫ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক কমেছে ৪১ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১৩ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৩৭৬ পয়েন্ট। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫১ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনকৃত ২৭২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ২৭২টি কোমপানির ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৮০৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।