ঝিনাইদহে বোরো ক্ষেত ফেটে চৌচির

গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের অধীন ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলায় সেচের পানির জন্য চাষিদের মধ্যে হাহাকার শুরু হয়েছে। পানির অভাবে অনেক স্থানে বোরো ক্ষেত ফেটে চৌচির হয়েছে। জিকে প্রকল্প কর্তৃপক্ষ গত বছর থেকে বোরো চাষে সেচ দান শুরু করে। গত বছর প্রকল্পের অধীন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় সেচের মাধ্যমে প্রায় ৪৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়। এবারও তারা প্রায় ৪০ হাজার হেক্টরে বোরো চাষ করেছে। হঠাত্ করে ভাটি এলাকা ঝিনাইদহ জেলায় সেচের পানির টান পড়েছে। প্রায় ৫ হাজার হেক্টর জমিতে ১০ দিনের বেশি সময় পানি সেচ পাচ্ছে না চাষি। ফলে ধান ক্ষেতগুলো ফেটে চৌচির হয়েছে। চাষিরা জানায়, ধানের এখন বাড়ন্ত কাল। ক্ষেতে পানির বেশি প্রয়োজন। মাঠ ফেটে যাওয়ায় ধান গাছের নরম শিকড় ছিঁড়ে যাচ্ছে। গাছ দুর্বল হয়ে পড়ছে। জিকে প্রকল্পের কুষ্টিয়ার মুখ্য সম্প্রসারণ অধিকর্তা নীল রতন সরকার বলেন, প্রকল্পের ভেড়ামারা পাম্প হাউজে দুটি প্রধান পাম্প দিয়ে খালে পানি উত্তোলন করা হচ্ছিল। হঠাত্ একটি পাম্প বন্ধ হয়ে গেছে। এ জন্য খালে পানির সংকট সৃষ্টি হয়েছে। জাপান থেকে টেকনিশিয়ান এসে পাম্প মেরামত করলে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি জানান।