জঙ্গি সংগঠন ইসলামি মাগরেবের নতুন নেতা জামেল ওকাচা

আল কায়েদা ইন দ্য ইসলামিক মাগরিবের (একিউআইএম) এর নতুন নেতা নির্বাচিত হয়েছেন আলজেরিয়ার জামেল ওকাচা। আফ্রিকার এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা আবদেল হামিদ আবু জেইদ মালির উত্তরাঞ্চলে এক লড়াইয়ে নিহত হওয়ার পর ওকাচাকে সংগঠনটির প্রধান হিসেবে নির্বাচন করা হয় বলে আলজেরিয়ার এনাহার টেলিভিশন রবিবার জানিয়েছে। আলজেরিয়ার এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ৩৪ বছর বয়সী ওকাচা একিউআইএম নেতা আবদেলমালেক দ্রোকদেলের অত্যন্ত ঘনিষ্ঠ। ওই সূত্র আরো জানিয়েছে, তিনি নিশ্চিত আল কায়েদার অপর কমান্ডার মোক্তার বেলমোক্তারও নিহত হয়েছেন এবং তার নিহত হওয়ার কিছুদিন পর আবু জেইদও নিহত হয়েছেন। ওই সূত্র আরো জানায়, ‘ওচাকা দ্রোকদেলের ডানহাত বলে পরিচিত। দুই শীর্ষস্থানীয় নেতার মৃত্যুর পরিপ্রেক্ষিতে ওকাচার সামনে চলে আসার অর্থ হচ্ছে, এমকিউআইএম পুনরায় পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে।’ এর আগে এলিজি প্রেসিডেন্ট প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, “আবু জেইদের নিহত হওয়ার বিষয়টি ফ্রান্সের প্রেসিডেন্ট নিশ্চিত করছেন। ফেব্রুয়ারির শেষ দিকে উত্তর মালির আদরার দাস ইফোগাস (পাহাড়ে) ফরাসি সেনাবাহিনী হামলায় তিনি নিহত হন।” বিবৃতিতে আরো বলা হয়, একিউআইএম’র একজন শীর্ষস্থানীয় নেতার মৃত্যুর মধ্য দিয়ে ওই অঞ্চলে সন্ত্রাস বিরোধী যুদ্ধ আরো একধাপ এগিয়ে গেলো। এর আগে ‘লো মঁদ’ পত্রিকা জানিয়েছিল, ডিএনএ নমুনা পরীক্ষায় আল কায়েদা ইসলামিক মাগারেবের (একিউআইএম) কমান্ডার আবদেল হামিদ আবু জেইদর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইয়াহিয়া আবু এল হামাম নামেও ওচাকা পরিচিত।