মিসরে বিরোধীপক্ষের বিরুদ্ধে মুরসির কঠোর হুঁশিয়ারি

“জাতিকে সুরক্ষা” দিতে অভাবিত পদক্ষেপ গ্রহণ করবেন বলে রবিববার বিরোধীদলগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি। তার এই হুঁশিয়ারি মিসর জুড়ে ব্যাপক ধর-পাকড় অভিযান শুরু করার ইঙ্গিত বলে মনে করছে বিরোধী দলগুলো। শুক্রবার কায়রোয় মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের প্রতিক্রিয়ায় দেয়া এক বিবৃতিতে মুরসি ওই হুঁশিয়ারি দেন। কি পদক্ষেপ নেয়া হবে তা পরিষ্কার না করলেও মুরসির বিবৃতির ভাষা ছিল অত্যন্ত তীব্র। সহিংসতা ও দাঙ্গা-হাঙ্গামায় জড়িত যে কোনো রাজনীতিকের বিরুদ্ধে “প্রয়োজনীয় পদক্ষেপ” গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তিনি। তিনি বলেন, “জাতিকে সুরক্ষা দেয়ার জন্য যা কিছু করা প্রয়োজন, বাধ্য হলে আমি তা করবো। আমি সম্ভবত এরকম পদক্ষেপ নেয়ার প্রান্তে পৌঁছে গেছি।” বিস্তারিত আর কিছু বলেননি তিনি। গত জুনে মুসলিম ব্রাদারহুডের সমর্থনে ক্ষমতায় আসার পর থেকে ক্রমবর্ধমান ক্ষোভের মুখোমুখি হচ্ছেন তিনি। মুরসি সরকারের বিরুদ্ধে আয়োজিত অনেকগুলো বিক্ষোভ সমাবেশ এক পর্যায়ে সহিংস দাঙ্গায় পরিণত হয়েছে।