সংবাদ কণিকা

ইরাকের শিশুদের জন্মগত ত্রুটি ইরাকের চিকিত্সকরা বলছেন, জন্মগত ত্রুটি আর ক্যান্সারের মতো সমস্যা নিয়ে জন্মানো শিশুদের সংখ্যা সে দেশে বেড়েই চলেছে। ২০০৩ সালের পর থেকে যেসব এলাকায় যুদ্ধ হয়েছে, সে সব এলাকার শিশুদের মধ্যে এমন সমস্যা প্রকট। তাই ধারণা করা হচ্ছে, যুদ্ধের প্রভাবেই এই সমস্যার সৃষ্টি। এ নিয়ে গবেষণা চলছে এবং বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার কারণ শনাক্ত করে সেটি সমাধানে জরুরি পদক্ষেপ নেয়া না হলে, ইরাকের পুরো একটি প্রজন্মই ক্ষতির শিকার হবে। —বিবিসি রক্ত পরীক্ষার যন্ত্র সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা একটি ছোট রক্ত পরীক্ষা করার যন্ত্র বানিয়েছেন। এটি চামড়ার নিচ থেকেই রক্ত পরীক্ষা করবে এবং সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানাবে। ১৪ মিলিমিটার দৈর্ঘ্যের তারবিহীন এই নমুনা যন্ত্রটি একসঙ্গে রক্তের পাঁচটি উপাদান মাপতে পারে। ব্লুটুথ এবং রেডিও ওয়েভ প্রযুক্তি ব্যবহার করে চিকিত্সকরা ফলাফল গ্রহণ করতে পারবেন। ডিভাইসটি একটি সূঁচের সাহায্যে চামড়ার ঠিক নিচের টিস্যুতে প্রবেশ করানো হয়। এরপর প্রয়োজন অনুযায়ী একে মাসের পর মাস সেখানে রেখে দেয়া যায়। আপাতত যন্ত্রটি ল্যাবরেটরিতে প্রাণীদের ওপর পরীক্ষা করা হচ্ছে। —বিবিসি এইচআইভি সংক্রমণের দায়ে কারাদণ্ড ১৬জনের শরীরে এইচআইভি সংক্রমিত রক্ত ঢুকিয়ে তাদের আক্রান্ত করার অপরাধে শুক্রবার সুইজ্যারল্যান্ডে এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তবে আক্রান্তদের রক্ত বিশ্লেষণ করে দেখা গেছে তারা সবাই ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে এইচআইভি আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই এখনো জীবিত আছেন। তবে অভিযুক্ত ঐ ব্যক্তি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। —এনডিটিভি সন্ত্রাসী ধরতে নতুন প্রযুক্তি জাপানের ফুজিত্সু ল্যবরেটরিস মুখের ছবি দেখেই ক্ষতিকর কর্মকাণ্ড ঘটানোর আগে সন্ত্রাসী সনাক্ত করার নতুন প্রযুক্তির ঘোষণা দিয়েছে। ঐ প্রযুক্তির মাধ্যমে একজন সম্ভাব্য সন্ত্রাসীকে সনাক্ত এবং গ্রেফতার করা যাবে। প্রতিষ্ঠান থেকে বলা হয়, যন্ত্রটি থেকে কোন ফলাফল পেতে বিশেষ ধরনের কোন যন্ত্র দরকার পড়বে না। স্মার্টফোনে সংযুক্ত ক্যামেরা, সিকিউরিটি ক্যামেরা এমনকি পিসি থেকেও এই কাজটি করা যাবে। যন্ত্রটির সবচেয়ে ভালো দিক হচ্ছে, এটি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে ফলাফল দিতে পারে। —বিডিনিউজ