আত্রাইয়ে উত্ত্যক্ত
করায় স্কুল ছাত্রীর
আত্মহত্যার চেষ্টা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২১:১৮
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
বখাটে ছেলেরা উত্ত্যক্ত করায় আত্রাইয়ের এক স্কুল ছাত্রী লজ্জা-ঘৃণায় বিষপান করে এখন স্থানীয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে ঐ থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার পাঁচুপুর হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী গত ২০ মার্চ স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার পার-পাঁচুপুর গ্রামের বখাটে যুবক শফিকুল ইসলাম শফিক (২০) ও আরিফুল ইসলাম (২২) তার পথ রোধ করে হাত ধরে টানাটানি করতে থাকে। তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে যুবকরা পালিয়ে যায়। এ অপমান সইতে না পেরে (২২ মার্চ) বিকেলে ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ব্যাপারে (২৪ মার্চ) ছাত্রীর বাবা ওই দুই বখাটে যুবককে আসামি করে নারী নির্যাতনে আত্রাই থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খাঁন বলেন, ‘আসামি গ্রেফতারে জোর তত্পরতা চলছে, এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।’