ত্বকী হত্যা নিয়ে ষড়যন্ত্র চলছে
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২২:২৯
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের এমপি ও জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি মন্ডলীর সদস্য নাসিম ওসমান বলেছেন, মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে নারায়ণগঞ্জে কঠোর হরতাল পালন করা হবে। তবে যারা এখন আমাদের বিরুদ্ধে ত্বকী হত্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানহানি মামলা করা হবে। কারণ এ হত্যাকাণ্ড নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।
সোমবার নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় সলিমুল্লাহ সড়কে ‘স্বাধীনতা দিবস উপলক্ষে, যুদ্ধাপরাধীদের বিচার ও নোংরা অপরাজনীতির বিরুদ্ধে গণজমায়েত’ শীর্ষক এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ মহাজোট এ বিশাল সভার আয়োজন করে। ত্বকীর বাবা রফিউর রাব্বিকে উদ্দেশ্য করে নাসিম ওসমান বলেন, আপনি অবহিতপত্রে বলছেন সক্রিয় অংশগ্রহণ করে শামীম ত্বকীকে হত্যা করল। আর সেই শামীম ওসমান যখন হত্যার সময় বিদেশ ছিলেন বলে পাসপোর্ট দেখিয়ে সংবাদ সম্মেলন করলেন তখন আপনার সুর পাল্টে গেল। এখন আপনি বলছেন যে, অপরাধ করতে দেশে থাকতে হয় না। সক্রিয় বলতে স্বশরীরে থেকে হত্যাকাণ্ড ঘটিয়েছে বোঝায়। তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে শামীমের হাত কি এত লম্বা যে বিদেশ থেকে হাত বাড়িয়ে ত্বকীকে হত্যা করল।
নাসিম ওসমান বলেন, ত্বকী হত্যা নিয়ে আমার ভাই সেলিম ওসমান হরতাল করেছে। শামীম ওসমান সভা করে সংবাদ সম্মেলন করেছে। আর এক বাম নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ৫ টি আসনে নির্বাচনী প্রার্থী জয় করার ঘোষণা দেন। অথচ আমার ভাই ত্বকী হত্যার প্রতিবাদে হরতাল করার পরও তাকে কোন ক্রেডিট দিলেন না। আর মুজাহিদুল ইসলাম সেলিম নারায়ণগঞ্জে এসে হত্যার বিচার চায়, প্রার্থী দেয় আপনারা তাকে করতালি দিয়ে ক্রেডিট দেন।
তিনি বলেন, ত্বকী হত্যার আসামিদের গ্রেপ্তার করুন। অন্যথায় হরতাল কাকে বলে দেখিয়ে দেব।
নাসিম ওসামন বলেন, একজন সাংবাদিক জেলা প্রশাসককে স্মারকলিপি নিতে দরজা ধাক্কা দিয়ে অপমান করে তা নিতে বাধ্য করেন। সে সব কথা কেউ বলেন না। কোন ডিসি এসপি তাদের কাছে ভালো লাগে না। ভালো লাগবে যদি শামীম ওসমান ও অয়ন ওসমানকে গ্রেপ্তার করা হয়।
ওসমান পরিবারকে ধ্বংস করার কথা উল্লেখ করে বলেন, জেলায় একমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি ওসমান পরিবার। এতে কোন সন্দেহ নেই। কারা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঁতাত রাখে তার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।
তিনি জামায়াত-শিবিরের কথা উল্লেখ করে বলেন, শামীম ওসমান ও তার পরিবারকে ধ্বংস করার জন্য ওই দল থেকে টাকা আসছে। সারাদেশে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গণজাগরণ চলছে। সেখানে নারায়ণগঞ্জে চলছে ত্বকী হত্যার আন্দোলন। কারণ জামায়াত-শিবির এই হত্যাকে কাজে লাগিয়ে শামীম ওসমান পরিবারকে ধ্বংস করতে চাচ্ছে। কারণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের ইন্ধনে বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকারকে বসিয়ে দেয়া হয় আইভীকে জয়ী করার জন্য। বোঝা যায় কাদের সাথে বিএনপি-জামায়াতের আঁতাত রয়েছে।
এমপি নাসিম ওসমান জনগণকে উদ্দেশ করে বলেন, আমরা আপনাদের কাছে আশ্রয় চাই। ত্বকী হত্যা নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে দাঁড়িয়ে আমাদের বাপ-দাদাদের গালাগাল করে অপমান করা হচ্ছে। আমাদেরকে আশ্রয় দিন।
জনসভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপীনাথ দাস, আনিসুর রহমান দিপু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুবলীগ নেতা শাহ নিজাম, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, নগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন প্রমুখ।