শাহবাগ আন্দোলনে
বিশ্বের ৪২ শহরের
প্রবাসীদের সংহতি
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২২:৪২
তরুণদের নেতৃত্বে সারা বিশ্বে ১১টি দেশে ৪২টি শহরে প্রবাসী বাংলাদেশিরা একযোগে শাহবাগের সাথে সংহতি ঘোষণা করেছে। বাংলাদেশের ৪২তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। তারা রাজনৈতিক হিংসা এবং সংখ্যালঘু নির্যাতনের অবসানেরও আহ্বান জানান। গত রবিবার ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে শাহবাগের সপক্ষে বিশ্বজুড়ে আন্দোলনের অন্যতম সংগঠক নাম না প্রকাশ করার শর্তে জানালেন, ‘আমরা ১৯৭১-এর যুদ্ধাপরাধীদের যথাযথ শাস্তি চাই। আমাদের লক্ষ্য একটা শান্তিপূর্ণ, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক বাংলাদেশ।’
বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী গত কয়েক সপ্তাহে জামায়াতে ইসলামী ও তাদের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে ৮০টি মন্দির ধ্বংস করেছে এবং হিন্দুদের প্রায় ৩০০টি বাসস্থান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। ‘বাংলাদেশের এই পরিচয় কোনমতেই মেনে নেয়া যায় না’— মানবাধিকার সংস্থা দৃষ্টিপাত ডিসির এক সংগঠক এ মন্তব্য করেন।
‘শাহবাগ এব্রোড’-এর উপস্থাপনায় যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, জার্মানি, ফিনল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় একযোগে এই অনুষ্ঠানমালা আয়োজিত হচ্ছে।