ভারতীয় জলদস্যুদের হাতে সুন্দরবনে জেলে খুন

ভারতীয় জলদস্যু কানাই বাহিনীর সদস্যরা মুক্তিপণ না পেয়ে অপহূত পাঁচ বাংলাদেশী জেলেদের একজনকে গলা কেটে হত্যা করেছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অধীনে রায়মঙ্গল নদীর হলদেবুনিয়া নামক স্থানে এ নৃশংস ঘটনাটি ঘটে। নিহত জেলের নাম মামুন গাজী (৬০)। সে শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের বাসিন্দা। জলদস্যুরা লাশ নদীতে ফেলে দিয়ে তার মাছ ধরার ট্রলারটি নিয়ে গেছে। অপহূত জেলেদের মধ্যে এমদাদুল মোল্লা প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে। মুক্তিপণের দাবিতে জলদস্যুরা আরো তিন জেলেকে জিম্মি করে রেখেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার সুন্দরবনের রায়মঙ্গল নদীর হলদেবুনিয়া থেকে ভারতীয় কানাই বাহিনীর সদস্যরা কয়েকজন জেলেকে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে। মুক্তিপণের টাকা না পেলে তাদেরকে হত্যা করা হবে বলে জানিয়ে দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণের টাকা না পেয়ে রবিবার রাতের কোন এক সময় সুন্দরবন সংলগ্ন হলদেবুনিয়ার ভরানিখালে তাকে গলা কেটে হত্যা করে। সেখান থেকে পালিয়ে আসা জেলে এমদাদুল মোল্লা এ ঘটনা নিশ্চিত করেছেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা গত শনিবার ভারতীয় জলদস্যুরা রেজাউল কোম্পানী ও মোস্তাফিজ কোম্পানী নামের দুটি মাছ ধরার ট্রলার থেকে ৫ জেলেকে অপহরণ করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। এ ব্যাপারে বনবিভাগ অপহূতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।