জাতিসংঘের অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির নতুন খসড়া সমালোচনার মুখে
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২০:৫০
অস্ত্র ব্যবহার করে সংঘটিত সহিংসতায় বিশ্বে প্রতি মিনিটে একজন মানুষের মৃত্যু হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রচলিত অস্ত্র ও গোলাবারুদের নিয়ন্ত্রণহীন বাণিজ্যের রাশ টেনে ধরতে জাতিসংঘের সদস্য দেশগুলো একটি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তির খসড়া প্রস্তাব পেশ করেছে। শুক্রবার খসড়া প্রস্তাব সম্মেলনের প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ার পিটার উলকট একটি সংশোধিত খসড়া চুক্তি প্রস্তাব পেশ করেন। নতুন এই খসড়া প্রস্তাবটিতে প্রত্যাশিত কিছু বিষয় থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এটি যথেষ্ট নয় বলে সোমবার খসড়াটির সমালোচনা করেছে অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য আন্দোলনকারী গোষ্ঠীগুলো। সমালোচনাকারী এই গোষ্ঠীগুলোর মধ্যে অক্সফাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেস এবং কন্ট্রোল আর্মস উল্লেখযোগ্য। আগের প্রস্তাবটিতে বলা হয়েছিল, ট্যাংক, সাঁজোয়া যান, উচ্চ ক্ষমতাসম্পন্ন কামান, যুদ্ধবিমান, সমর হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র নিক্ষেপক, ক্ষুদ্র অস্ত্র ও হালকা অস্ত্র, এগুলো ‘ন্যূনতমভাবে’ চুক্তির আওতাধীন থাকবে।
সংশোধিত প্রস্তাবে ‘ন্যূনতমভাবে’ শব্দটি বাদ দেয়া হয়েছে, এই শব্দটি সংযোজনের ফলে চুক্তির আওতা সঙ্কীর্ণ হয়ে গেছে বলে এর আগে বিরোধিতা করেছিল আন্দোলনকারী গোষ্ঠীগুলো। তারপরও সংশোধিত খসড়া প্রস্তাবটিকে যথেষ্ট বলে মানছে না আন্দোলনকারীরা।
এ প্রসংগে অক্সফামের আনা ম্যাকডোন্যাল্ড বলেন, ‘এই চুক্তি যথেষ্ট নয়। এই চুক্তির পক্ষে মানুষের জীবন বাঁচানো ও মানুষকে সুরক্ষা দেয়া সম্ভব নয়।’ ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেসের জোনাথন ফ্রিরিচেস জানিয়েছেন, শিকারী ড্রোন ও হ্যান্ড গ্রেনেড প্রাণঘাতী অস্ত্র, এগুলো পরিষ্কারভাবে চুক্তির আওতায় আনা দরকার ছিল, কিন্তু তা করা হয়নি।