প্রধানমন্ত্রী বরাবর হেফাজতে ইসলামের স্মারকলিপি পেশ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২০:৫২
সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা সংবলিত বিধান পুনঃস্থাপন, ‘নাস্তিক-মুরতাদ’দের ফাঁসির আইন প্রণয়ন ও পাঠ্যপুস্তকে ইসলাম ধর্ম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা অপসারণসহ ১২টি দাবি আদায়ের লক্ষ্যে গত সোমবার দেশের বিভিন্ন উপজেলায় সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। হেফাজতের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, বাক-স্বাধীনতার নামে বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ এবং মোমবাতি প্রজ্জ্বলন বন্ধ করা। এছাড়া নারী-নীতি, ধর্মহীন শিক্ষানীতি এবং ইসলাম ও নৈতিকতা বিরোধী মন্তব্য ও উদ্ধৃতিসমূহ বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ধর্ম ও নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা। দাঁড়ি, টুপি নিয়ে হাসি-ঠাট্টা এবং নাটক-সিনেমায় খল চরিত্রে ধর্মীয় পোশাক পরিয়ে অভিনয় বন্ধ করা। এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও, কাদিয়ানীদের অপতত্পরতা এবং খ্রিস্টান মিশনারীদের ধর্মান্তকরণসহ সকল অপতত্পরতা বন্ধ এবং সারা দেশের কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ এবং মসজিদের ইমাম-খতীবকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দানসহ তাদের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধ করার দাবি জানানো হয়।