ফেনী সীমান্তে আটক ৬ শিশুকে ফেরত দিয়েছে ভারত

ফেনীর বিলোনিয়া তালগ্রাম সীমান্তের নো-ম্যানস্ ল্যান্ড থেকে ভারতীয় পুলিশের হাতে আটক ৬ শিশুকে আদালতের নির্দেশে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের বিএসএস-এর কোম্পানি কমান্ডার সিড সিং ফেনীর বিলোনিয়া চেক পোস্টের নিকট বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার রুহুল আমিনের নিকট হস্তান্তর করেন। এ সময়ে ফেনীর ১৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। পরে বিজিবি অভিভাবকদের নিকট শিশুদের বুঝিয়ে দেন। উল্লেখ্য, গত ২১ মার্চ সকাল ৮টার দিকে ৬ শিশু বিলোনিয়ার তালগ্রাম সীমান্তে খেলাধুলা করতে করতে ভারতের নো-ম্যানস্ ল্যান্ডে পৌঁছলে সেখান থেকে ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পরদিন আদালতে প্রেরণ করে। আদালত তাদেরকে বাংলাদেশে ফেরত প্রদানের নির্দেশ দেয়।