রাজস্বের লক্ষ্য নির্ধারণে বাস্তব অবস্থা বিবেচনায় নেয়া হবে

ইত্তেফাক রিপোর্ট আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণে দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থা বিবেচানায় নেয়া হবে। গতানুগতিক উপায়ে আগের অর্থবছরের রাজস্ব আহরণের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করা ঠিক হবে না। সোমবার রাজধানীর একটি হোটেলে উেস কর সম্পর্কিত এক সেমিনারে এ কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। এনবিআরের আয়কর বিভাগের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি এন্ড টেক্সপেয়ারস সার্ভিস-ট্যাক্টস প্রজেক্ট এ সেমিনারের আয়োজন করে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাস পর্যন্ত (জুলাই-ফেব্রুয়ারি) এনবিআর রাজস্ব আদায়ে পিছিয়ে রয়েছে। এবারের বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। এর আগের বছর ৯১ হাজার ৩৭০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল প্রায় ৯৪ হাজার কোটি টাকা। গত তিন বছর যাবত এনবিআর রাজস্ব লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সক্ষম হয়েছিল। এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতি বছর গতানুগতিক ভাবে ১৫ থেকে ১৬ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাজস্ব বাজেট প্রণয়ন করা হয়। এক্ষেত্রে গত কয়েক বছরের প্রবৃদ্ধিকে হিসাব করা হয়। এটি যৌত্তিক নয়। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু প্যারামিটার বিবেচনায় রাখা প্রয়োজন। এতে লক্ষ্যমাত্রা আরও যৌত্তিক হবে। হরতাল কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থাকেও বিবেচনায় নেয়া উচিত। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য বশির উদ্দিন আহমেদ, সৈয়দ আমিনুল করীম ও মো: আলাউদ্দিন প্রমুখ।