সোনারগাঁওয়ে গ্রামবাসীর
উপর বালু সন্ত্রাসীদের হামলা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২১:৩৭
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় গত সোমবার সকালে গ্রামবাসীর উপর বালু সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। সোনারগাঁওয়ের মেঘনা নদীবর্তী চর নূনেরটেক, মায়াদ্বীপ (গুচ্ছগ্রাম-সবুজবাগ-রঘুনারচর) সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি অসাধু চক্র।
জানা গেছে, গত ২২মার্চ অবৈধ বালু উত্তোলনের ফলে মায়াদ্বীপ-নুনেরটেকের গুচ্ছগ্রামের প্রায় ২৫-৩০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ঘটনায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে প্রায় ১৫০/২০০ নারী-পুরুষ বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। প্রায় ২ ঘন্টা ব্যাপী চরবাসীর সঙ্গে বালু সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ ঘটে। বালু সন্ত্রাসীদের হামলায় রোকেয়া ও জিকুসহ মোট ৫ গ্রামবাসী আহত হয়েছে। ঘটনার প্রায় ৩ ঘন্টা পর সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রসাশক মনোজ কান্তি বড়াল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আশরাফুজ্জামান ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, তারা এ বিষয়ে অবগত আছেন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান খান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।