মিঠাপুকুরে বলের আঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক ক্রীড়া প্রতিযোগিতায় নিক্ষিপ্ত লৌহবলের আঘাতে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ের প্রধান ও শরীর চর্চা শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলার শাল্টিরহাট উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার শাল্টিরহাট উচ্চ বিদ্যালয়ে গত রবিবার ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক মহড়ায় এক প্রতিযোগীর নিক্ষেপ করা লৌহবলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আরজু মালা নামে একজন দর্শনার্থীর মাথায় গিয়ে পড়ে। সে পার্শ্ববর্তী রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যায়। নিহত আরজু মালা ফুলচৌকি গ্রামের আবেদ আলীর মেয়ে।