মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার আজ উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এ ফ্লাইওভারটি রাজধানীর পূর্ব ও পশ্চিমের সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহত্তর মিরপুরবাসী ফ্লাইওভার ব্যবহার করে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এয়ারপোর্ট সড়কে পৌঁছাতে সক্ষম হবেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ১১ কিলোমিটার সড়কের পরিবর্তে মাত্র ৩ কিলোমিটার সড়ক ব্যবহার করতে হবে। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এ প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশন এর অধীনস্থ ১৬ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন ব্যাটালিয়ন নির্ধারিত সময়ের ৩ মাস আগে সম্পন্ন করেছে। ১ হাজার ৭ শত ৯৩ মিটার দীর্ঘ এ ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯৯ কোটি টাকা।