কক্সবাজারে পুলিশের বিরুদ্ধে মামলা করায় দুই আইনজীবী গ্রেফতার

কক্সবাজার সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা দায়েরের ঘটনায় গত সোমবার গভীর রাতে বাদীপক্ষের দুই আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- অ্যাডভোকেট আমির হোসেন (৫৩) ও অ্যাডভোকেট তানভীর ছিদ্দিকী পামেল (৩৫)। এসব মামলায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০২ জন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের ৪৯ জনকে আসামি করা হয়েছিল। আদালত মামলাগুলো খারিজ করে দেন। এর পর রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার সদর থানার একদল পুলিশ শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার বাসা থেকে আমির হোসেনকে এবং এন্ডারসন রোডের বাসা থেকে পামেলকে গ্রেফতার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিমউদ্দিন জানান, পুলিশের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়েরে সহযোগিতা করায় ওই আইনজীবীদের গ্রেফতার করা হয়েছে।