চট্টগ্রামে স্বাধীনতা দিবসে দেশ গড়ার প্রত্যয়

চট্টগ্রামে সমৃদ্ধ দেশগড়ার প্রত্যয়ে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। দুপুরে এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১১০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশে যে অরাজকতা সৃষ্টি করেছে, তাকে সম্মিলিতভাবে প্রতিহত করে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে যোগ দেন মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খালেদ মামুন ও মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার শাহাবউদ্দিন। পুলিশের একটি চৌকস দল কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করে। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. মনজুর আলম, নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, নূরুল ইসলাম বিএসসি এমপি, সিডিএ চেয়ারম্যান আবদুছ ছালাম প্রমুখ। সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগর বিএনপি ও নগর জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুলের তোড়া দেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, মহানগর পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বন বিভাগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। নগরীর চেরাগী মোড়ে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে সামপ্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ। স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যায় নগরীর বিভিন্নস্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।