চট্টগ্রামে ৬ জনকে সিটি করপোরেশনের সম্মাননা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২২:৪২
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অবদান রাখার জন্য চট্টগ্রামের ৬ গুণী ব্যক্তিকে স্বাধীনতা স্মারক সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম সম্মাননাপ্রাপ্ত ৬ গুণী ও তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পদকপ্রাপ্তরা হলেন: স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ে সাবেক কমিশনার আবুল কালাম সওদাগর (মরণোত্তর), সমাজসেবায় সাবেক কমিশনার আবদুস সালাম মাস্টার (মরণোত্তর), মুক্তিযুদ্ধ বিষয়ে সাবেক কমিশনার লিয়াকত আলী খান (মরণোত্তর), সমাজসেবায় সাবেক কমিশনার নূর বেগম (মরণোত্তর), সমাজসেবায় সাবেক কমিশনার নজির আহমদ এবং ক্রীড়ায় জাতীয় ফুটবলার সুনীল কৃষ্ণ দে। বাংলাদেশের নাট্যধারার গণমুখী প্রয়াসে বিশেষ ভূমিকার জন্য অনুষ্ঠানে বিশেষ অতিথি নাট্যকার মামুনুর রশিদকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল ও কলেজের গার্ল্স গাইড, রোভার, রেঞ্জার ও ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে¬ অনুষ্ঠিত হয়।
সুসজ্জিত দলের কুচকাওয়াজে সালাম নেন সিটি মেয়র। চসিক সমাজকল্যাণ কমিটির চেয়ারম্যান কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম। প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, নিয়াজ মোহাম্মদ খান, নুরুল হক, এডভোকেট রেহেনা বেগম রানু, কর্পোরেশনের সচিব মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী, প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আলম নিজামী, প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মো. শহিদ উল্ল¬াহ প্রমুখ উপস্থিত ছিলেন।