রুশ বিমান দুর্ঘটনার কারণ বজ্রপাত, জানালেন পাইলট

রাশিয়ার মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের আগে আগুন ধরে যাওয়া বিমানটি বজ্রপাতের কারণেই দুর্ঘটনায় পড়েছে বলে জানিয়েছেন পাইলট। এতে অন্তত ৪১ জন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। দেশটির স্থানীয় সময় রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বিবিসি, এএফপি।

পাইলট ডেনিস ইয়েভডোকিমভ রাশিয়ান সংবাদমাধ্যমকে বলেন, আকাশের ওড়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতের কারণে বিমানটির যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। দ্রুত জরুরি অবতরণ করতে যান তিনি। কিন্তু অবতরণের সময় ফুয়েল ট্যাংকে আগুন লেগে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা যায় আরোহীরা ইমারজেন্সি এক্সিট রুট দিয়ে বের হয়ে অগ্নিদগ্ধ বিমানটি থেকে দৌড়ে সরে যাচ্ছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, বিমানটিতে মোট ৭৮জন আরোহী ছিল। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২ জন শিশু ও একজন ফ্লাইট এটেনডেন্টও আছেন।

বিমান দুর্ঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন নয় জনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জানিয়েছেন।

রাশিয়ান বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্স জানায়, রুশ বিমান সুপার জেট-১০০ সেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে। বিমানটি উত্তর পূর্বাঞ্চলীয় মারমানস্কের দিকে যাওয়ার কথা ছিল।

রাশিয়ান সংবাদ মাধ্যমে ইন্টার ফ্যাক্স বলছে উড্ডয়নের পরপরই ক্রু বিপদ সংকেত প্রেরণ করেন। একই সাথে বিমানটি জরুরি অবতরণের ক্ষেত্রেও প্রথম দফায় সফল হয়নি।

আরও পড়ুনঃ বিয়ের পরই বিলাস বহুল গাড়ি কিনলেন শ্রাবন্তীর স্বামী রোশন!

বিমান ট্রেকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ বলছেন উড্ডয়নের ৩০ মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করে ওই বিমানটি।

ইত্তেফাক/টিএস