কটিয়াদী হাসপাতালে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকালে হরমুজ খা (৫২) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হরমুজ খার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর গ্রামে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে হরমুজ খাকে নিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কটিয়াদী হাসপাতালের দোতলায় পুরুষ ওয়ার্ডে যায় এবং কর্তব্যরত নার্সকে বাথরুমে যাওয়ার কথা জিজ্ঞাসা করে বাথরুমে যায়। এর কিছুক্ষণ পর রোগীরা বাথরুমে হরমুজ খার জবাইকৃত লাশ দেখে হাসপাতাল স্টাফকে খবর দেয়। পরে পুলিশ লাশ ও ছুরি উদ্ধার করে। ঘটনার পর খুনি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান লায়ন মোঃ আলীআকবর, পুলিশ সুপার মীররেজাউল করিম, সিভিল সার্জন ডা. হোসেন সারোয়ার, ইউএনও ফারাহ গুল নিঝুম, এএসপি (সার্কেল) আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনজুরুল হক, ওসি ফরিদ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় হরমুজ খার স্ত্রী রহিমা বেগম ১৫ জনের নাম উল্লেখ করে কটিয়াদী থানায় মামলা করেছেন। আসামিদের সকলের বাড়ি বোকাইনগর গ্রামে। রহিমা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে। কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, মুটিভ দেখে মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।