দোলযাত্রা উত্সবের দিনে হরতাল প্রত্যাহারের আহ্বান
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২২:৪৬
আজ হিন্দু সমপ্রদায়ের দোলযাত্রা উত্সবের দিন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত প্রার্থনা সভায় জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। সভা থেকে আজ হিন্দু সমপ্রদায়ের অন্যতম প্রধান উত্সব দোল পূর্ণিমার দিনে সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল আহ্বান করায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে আবহমানকাল ধরে এ দোলযাত্রা উত্সব উদযাপিত হয়ে আসছে এবং এটি একটি সার্বজনীন উত্সব। প্রার্থনা সভায় বক্তৃতা করেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, বীরেন শিকদার এমপি, সুজিত রায় নন্দি, মণীন্দ্র কুমার নাথ, বাসুদেব ধর ও নির্মল কুমার চ্যাটার্জী।
অন্যদিকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, সম্পাদক রমেন মন্ডল এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার ও সম্পাদক মণীন্দ্র কুমার নাথ এক যৌথ বিবৃতিতে দোলযাত্রা উত্সবের দিন হরতাল প্রত্যাহারের জন্য ১৮ দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।