মিয়ানমারে দৈনিক পত্রিকা বের করবে সু’চির দল
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২২:৪৬
মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির দল একটি দৈনিক পত্রিকা বের করতে যাচ্ছে। সরকার সংবাদ মাধ্যমের ওপর দীর্ঘদিন থেকে বিদ্যমান নিয়ন্ত্রণ শিথিল করার প্রস্তুতির পরিপ্রেক্ষিতে সুচির দল এ উদ্যোগ নিয়েছে। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মঙ্গলবার একথা জানায়। খবর এএফপির।
মিয়ানমারে একদশক ধরে ভিন্নমত দলনের হাতিয়ার হিসেবে বেসরকারি সংবাদপত্র প্রকাশের ওপর সাবেক সামরিক জান্তা আরোপিত বিধি-নিষেধ বলবত্ থাকার কারণে বর্তমানে কেবল সরকারি মালিকানাধীন পত্র-পত্রিকাই অনুমোদন পাচ্ছে।
এনএলডি’র মুখপাত্র নিয়ান উইন বলেন, দলের ডি-ওয়েভ প্রকাশনার বিক্রি বাড়লে তা তহবিল সংগ্রহে সহায়ক হবে। এটি বর্তমানে সাপ্তাহিক হিসেবে বের হয় এবং এতে প্রধানত এনএলডি’র তত্পরতা ও দলের নেত্রী নোবেল বিজয়ী অং সান সুচির কার্যক্রম তুলে ধরা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন নিউ লাইট অব মিয়ানমার মঙ্গলবার জানায়, আগামী ১ এপ্রিল থেকে বলবত্ হতে যাওয়া সংবাদ মাধ্যম সংক্রান্ত নতুন বিধির আওতায় যে ১৬টি সংবাদপত্র প্রকাশিত হতে যাচ্ছে ডি-ওয়েভ তার অন্যতম।