ডিএসই’র সূচক এক বছরের মধ্যে সর্বনিম্ন

বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা দুইদিন হরতালের প্রথমদিনে শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনও। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থাহীনতাকে বাড়িয়ে দিয়েছে। ফলে শেয়ারবাজারে বড় ধরনের দর পতন হচ্ছে। এর ধারাবাহিকতায় গত এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক। গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক ৩ হাজার ৭৪৯ পয়েন্টে নেমে এসেছে। এর আগে গত বছর ৬ ফেব্রুয়ারি সর্বনিম্ন সূচক ছিল ৩ হাজার ৬১৬ পয়েন্ট। এরপর আর সূচকের এত নিম্নমুখী প্রবণতা দেখা যায়নি। এদিকে হরতালের প্রভাবে গতকাল রাজধানীর বেশিরভাগ ব্রোকারেজ হাউজে জন সমাগম কম ছিল। বেশিরভাগই লেনদেন করেছেন টেলিফোনের মাধ্যমে। তাই হরতাল শেষ হয়ে গেলে লেনদেনে কিছুটা গতি ফিরে আসতে পারে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮২ পয়েন্ট কমে ৩ হাজার ৬৪২ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক কমেছে ৬৯ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ২৩ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৩৫২ পয়েন্ট। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪১ কোটি ৮২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৬৪ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৩১ টির, কমেছে ২১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ৪ কোটি ৯ লাখ ১৮হাজার ৭৫৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৮৪ পয়েন্ট কমে ১১ হাজার ৩৪২ পয়েন্টে নেমে এসেছে। আর সিএসই-৩০ মূল্যসূচক কমেছে ১৯৩ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২০ কোটি ৬ লাখ ৮৮ হাজার ১৬৮ টাকা। লেনদেনকৃত ১৬৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ১৫৩ টির আর অপরিবর্তিত ছিল ৩টি কোম্পানির শেয়ারের দর। এদিকে ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্গন ডেনিমস, এমজেএল ও ব্র্যাক ব্যাংক তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আর্গন ডেনিমস ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড, এমজেএল ২৫ শতাংশ নগদ এবং ব্র্যাক ব্যাংক ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।