জিপিএ-৫: রাজশাহীতে বোর্ড সেরা বগুড়া জিলা স্কুল

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া এবারও রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে। গত বছরের তুলনায় এবার জেলায় পাশের হারও বেড়েছে। তবে বরাবরের মত জেলায় ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার বেশি। অন্যদিকে পরীক্ষার্থীর সংখ্যা অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তিতে জেলায় শীর্ষে রয়েছে বগুড়া জিলা স্কুল।
 
এ বছর এসএসসি পরীক্ষায় বগুড়ার ৪৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ১৮ হাজার ৫৬৯ জন ছেলে এবং ১৬ হাজার ৪৫০ জন মেয়ে। পরীক্ষার্থীদের ৯২ দশমিক ১৪ শতাংশ উত্তীর্ণ হয়েছে। যা রাজশাহী বোর্ডে তৃতীয় সর্বোচ্চ।

গত বছর জেলার ৮৬ দশমিক ৪১ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছিল। এবার পাশের হারে বোর্ড সেরা হয়েছে জয়পুরহাট জেলা। ওই জেলা থেকে ২০১৯ সালে সর্বোচ্চ ৯৪ দশমিক ৯০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী, পাশের হার ৯২ দশমিক ৮৪ শতাংশ।

বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যায় মেয়েরা পিছিয়ে থাকলেও পাশের হারে তারাই এগিয়ে। ১৮ হাজার ৫৬৯ ছেলের মধ্যে পাশ করেছে ৯০ দশমিক ৭৩ শতাংশ আর ১৬ হাজার ৪৫০জন মেয়ের মধ্যে পাশ করেছে ৯৩ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এবারও রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান ধরে রেখেছে বগুড়ার শিক্ষার্থীরা। এবার বগুড়া থেকে সর্বোচ্চ ৫ হাজার ১৮৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তিতে ২০১৬ সাল থেকে বগুড়া বোর্ডে শীর্ষস্থান দখল করে আছে। 

এবার জিপিএ-৫ প্রাপ্তিতে দ্বিতীয় স্থান দখল করেছে রাজশাহীর শিক্ষার্থীরা। ওই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১০৮ জন।

জেলায় সরকারি-বেসরকারি প্রথম সারির ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ এবং পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে প্রাচীনতম জিলা স্কুল শীর্ষ স্থান দখল করেছে। ওই প্রতিষ্ঠান থেকে এবার ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬ দশমিক ৬৫ শতাংশ অর্থাৎ ২৩১ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে এবার ২৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৬ জন বা ৯৫ শতাংশই জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষকদের সঙ্গে বগুড়া ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: ইত্তেফাক

এর পরের স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন বা ৯১ দশমিক ১১ শতাংশ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, শিশু গুরুতর আহত

শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠান গুলো হলো, বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ (১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন), আরডিএ ল্যাবরেটরি স্কুল ও কলেজ (২৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ (২৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ পেয়েছে ২০২ জন)।

ইত্তেফাক/অনি