উত্তরাঞ্চলে ২শ বধ্যভূমির
সংস্কার অর্থাভাবে বন্ধ
ওয়াদুদ আলী, রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২১:২৭
বরাদ্দ না আসায় অর্থাভাবে রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার প্রায় ২শ বধ্যভূমির সংস্কার ও সংরক্ষণের কাজ থমকে আছে। সংরক্ষণের অভাবে এসব বধ্যভূমি স্মৃতি এখন অযত্ন আর অবহেলায় ধ্বংস হতে চলেছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্থান তথা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, মুক্তিযুদ্ধের স্মৃতি অমর করে রাখার জন্য এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সরকার স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় উত্তরাঞ্চলের ১৬ জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২শ ৩টি বধ্যভূমির মধ্যে বর্তমান সরকার জেলা প্রশাসনের সহযোগিতায় জরিপ চালিয়ে গুরুত্বপূর্ণ ১শ ৬৩টি বধ্যভূমি চিহ্নিত করে। এই ১শ ৬৩টি বধ্যভূমির মধ্যে সরকার মাত্র ৬১টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন।
এসব স্মৃতিস্তম্ভ নির্মাণে সরকারের ব্যয় ধরা হয় ১০০ কোটি টাকা। এজন্য গণপূর্ত মন্ত্রণালয় স্থান ও জমি চিহ্নিত করেছে। গণপূর্ত মন্ত্রণালয় জানায়, প্রথম দফায় কিছু টাকার বরাদ্দ পাওয়া গেলেও পরবর্তীতে বরাদ্দ না আসায় শুরু হওয়ার পরপরই থমকে গেছে বধ্যভূমি সংরক্ষণের কাজ। জানা যায়, সরকারি উদ্যোগ গ্রহণের পর এখনো প্রায় ২শ বধ্যভূমি অবহেলায় পড়ে রয়েছে। এছাড়াও উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা জেলায় ৬১টি বধ্যভূমি সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। রংপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বধ্যভূমিগুলো সংরক্ষণ ও সংস্কারের জন্য যে বরাদ্দ এসেছিল তা খরচ হয়ে যাওয়ায় আপাতত এর কাজ বন্ধ রয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে।