গোয়ালন্দে সরকারি গাড়িতে ফেনসিডিলের চালান
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২১:২৮
গোয়ালন্দ সংবাদদাতা
সোমবার গভীররাতে বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহাখালীর ৫টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি কাভার্ডভ্যান ভর্তি ৭৫০বোতল ফেনসিডিলসহ মো. নিজাম উদ্দিন (৪৫) নামের চালককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা-পুলিশ। সে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমরাগাঁ উত্তরপাড়ার মৃত আরিফ মিয়ার ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত দুইটার দিকে দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় থানার এস.আই জাকির হোসেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাভার্ডভ্যানটি দেখে থামানোর সংকেত দেন। পুলিশ দেখে গাড়ির সহকারী ও মালের মালিক পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা আলুর ৩৫বস্তায় তল্লাশি চালিয়ে ৭৫০বোতল ফেনসিডিল উদ্ধার এবং চালককে গ্রেপ্তার করে।
মঙ্গলবার সকালে থানা হেফাজতে গ্রেপ্তারকৃত চালক নিজাম উদ্দিন দাবী করেন খুলনার সিভিল সার্জন কার্যালয়ে ওষুধ রেখে সোমবার বিকেলে ঢাকায় আসার পথে রাত দশটায় ফরিদপুর চৌরাস্তা মোড় থেকে ৫হাজার টাকার ভাড়া চুক্তিতে স্থানীয় এক ব্যক্তি আলুর বস্তা নিয়ে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠেন। কিন্তু আলুর বস্তার ভিতর ফেনসিডিল রাখা ছিল তা আমার জানা ছিল না।
গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার জানান, এ ঘটনায় মঙ্গলবার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের শেষে ধৃত ব্যক্তিতে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।