সিটিং বাসেও বেড়েছে দুর্ভোগ
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২১:৫৯
রাজধানীতে লোকাল ও সিটিং সার্ভিস বাসে যাত্রীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। লোকাল বাসে দাঁড় করানো যাত্রী পুরানো দৃশ্য। এর সঙ্গে পাল্লা দিচ্ছে এখন সিটিং বাসগুলো। নগরীর যাত্রীরা আজ বাস চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। মিরপুর ১নম্বর সেকশন থেকে ট্রান্সসিলভা বাস আগে ছিল কাউন্টার সার্ভিস অর্থাত্ টিকিটের নিয়মে। ইদানিং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে চলছে লোকাল বাস হিসাবে। ধারণক্ষমতার তিন-চার-গুণ বেশি যাত্রী নিয়ে চলাচল করে এসব বাস। অন্যদিকে ‘শতাব্দী’ বাসও একই নিয়মে চলছে। সময়ের দিক থেকে লোকাল ও সিটিং বাসে প্রায় সমান সময় লাগে। প্রতিটি স্টেশনেই বাস থেমে থাকে। তাই যাত্রীদের সুবিধার্থে এ দিকে নজর দেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ সাইফুল করিম,
মিরপুর ১০, ঢাকা ১২১৬।