ক্ষমতায় যেতে খালেদা জিয়া এখন সামরিক বাহিনীকে উস্কে দিচ্ছেন :হানিফ
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২২:২৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া জনগণের প্রতি আস্থা হারিয়ে শেষ পর্যন্ত দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ক্ষমতায় যেতে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের কাছে ধরনা দিয়ে সফল হতে না পেরে এখন তিনি সামরিক বাহিনীকে উস্কে দিচ্ছেন। একই সঙ্গে হরতালের নামে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। গণতন্ত্র হত্যার জন্য একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এসবের জন্য দেশের জনগণ একদিন খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ার দাঁড় করাবে। হরতালের নামে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বুধবার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এই সমাবেশের আয়োজন করে।
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য নূরুন নবী শাওন এমপি প্রমুখ।