এলিফ্যান্ট রোডে রিকশার সিটের নিচ থেকে গ্রেনেড উদ্ধার, চালক গ্রেফতার
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২২:২৪
বিএনপি নেতৃত্বধীন ১৮ দলের ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন গতকাল বুধবার এলিফেন্ট রোড এলাকায় রিকশার সিটের নিচ থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ চালক বশির আহমেদকে গ্রেফতার করেছে। সে খালি রিকশা নিয়ে সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে শাহবাগের দিকে যাচ্ছিল।
উদ্ধারের পর বোম ডিসপোজাল টিম এটি নিষ্ক্রিয় করে মিন্টু রোডস্থ গোয়েন্দা দফতরে নিয়ে যায়। বোম ডিসপোজাল ইউনিটের প্রধান এডিসি সানোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত বস্তুটি হ্যান্ড গ্রেনেড।
নিউ মার্কেট থানার সাব-ইন্সপেক্টর জানান, গতকাল তিনি এলিফেন্ট রোড বাটার সিগনাল মোড়ে অগ্রণী ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। তাদের উপর খালি রিকশার দিকে নজর রাখার নির্দেশ ছিল। এরই ধারাবাহিতায় একটি খালি রিকশার সিটের নিচ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। উদ্ধারের পরই এটি নিরাপদ স্থানে রেখে গোয়েন্দা পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিকশা চালক বশির জানিয়েছে, তার বাড়ি বরগুনায়। তার রিকশার গ্যারেজ মোহাম্মদপুর এলাকায়। সকাল থেকে ১০-১২ জন যাত্রী তার রিকশায় উঠেছে। তার রিকশার সিটের নিচে কিভাবে গ্রেনেডটি এসেছে তা সে জানে না বলে জানিয়েছে।
ডিবি এডিসি সানোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত বশিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।