দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দিনাজপুরের ২ থানার ওসি প্রত্যাহার
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২২:৩২
দায়িত্বে অবহেলার অভিযোগে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক আদেশে গত সোমবার খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার রায় ও চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সাম্প্রতিককালে জামায়াত-শিবিরের তাণ্ডব ও নাশকতা প্রতিরোধে ব্যর্থ এবং ঘনিষ্ঠতার অভিযোগে তাদের বিরুদ্ধে এ আদেশ দেয়া হয়েছে ।
সংশিষ্ট সূত্রে জানা যায়, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর রায় গত ২৮ ফেব্রুয়ারি ঘোষণার পর খানসামা উপজেলার বিভিন্ন স্থানে এবং চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরসহ একাধিক স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে খানসামা ও চিরিরবন্দর থানার ওসি ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে উভয়কে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে।