১৬ কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার :জামায়াত
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২২:৩৩
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়ার নিন্দা জানিয়ে বলেছেন,জনগণের আন্দোলনের মুখে দিশেহারা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে ২৬ মার্চ অনুষ্ঠিত বৈঠকে তথাকথিত নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার হুকুম দিয়ে মূলত: ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের এবং দেশের আলেম সমাজ ও জনগণের উপর গণহত্যা চালানোর হুকুম দিয়েছে। সরকারের এ নির্দেশ মানবাধিকারের চরম লংঘন। পৃথিবীর কোন দেশে বিরোধী পক্ষকে এভাবে দেখামাত্র গুলি করার কোন নজীর নেই। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ দিয়ে প্রমাণ করেছে এ সরকারের নিকট মানুষের জান-মালের কোন নিরাপত্তা নেই। তিনি বলেন,কোন মন্ত্রী দেশের জনগণকে এভাবে দেখামাত্র গুলি করে হত্যা করার নির্দেশ দিতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়ে ১৬ কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
সরকারের ফ্যাসিবাদী নির্দেশের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশি-বিদেশি সকল মানবাধিকার সংস্থা ও সংগঠন ও সুশীল সমাজসহ সর্বস্তরের জনতার প্রতি তিনি আহ্বান জানান। সরকার এভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর গুলি চালানোর হুকুম দিয়ে ক্ষমতায় আঁকড়ে থাকতে পারবে না।
তিনি ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে সারাদেশে সর্বাত্মক হরতাল পালন করায় দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানান। একইসঙ্গে দেশের মানুষের উপর জুলুম-নির্যাতন গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ আটক নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে হরতাল আজ সন্ধ্যা পর্যন্ত পালন করার জন্য দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।