মিয়ানমারে দাঙ্গা ছড়িয়ে পড়ছে আরো তিন শহরে কারফিউ
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২২:৩৪
মিয়ানমারের মধ্যাঞ্চলে নতুন এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ছে। মুসলমানদের বাড়িঘর ও মসজিদে বৌদ্ধদের অগ্নিসংযোগ ঠেকাতে কয়েকটি শহরে দিনের বেলায় কারফিউ জারি করেছে। মিইকতিলা শহরে গত বুধবার সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এরপর বিভিন্ন এলাকায় তা ছড়িয়ে পড়ে। মিইকতিলায় এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছে। খবর বিবিসি ও সিএনএন’র।
গত ২০ মার্চ মিইকতিলা শহরে একটি স্বর্ণের দোকানে তর্কাতর্কির জের ধরে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে দাঙ্গা শুরু হয়। বৌদ্ধরা মুসলমানদের বাড়িঘরে আগুন দেয়। গত শুক্রবার সেখানে জরুরি অবস্থা জারি করে সেনা মোতায়েন করা হলেও আরো কয়েকটি স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার রাষ্ট্রীয় সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার জানায়, গত মঙ্গলবার তিনটি শহরে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়। ইয়াঙ্গুনসহ বিভিন্ন এলাকায় সহিংসতার গুজব ছড়িয়ে পড়ায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।