শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ১২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের সুমন ও নাঈম গ্রুপের কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। রাতভর চলা সংঘর্ষে উভয় গ্রুপের অত্যন্ত ১২ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় ছাত্রলীগের সুমন গ্রুপের নেতা রুহুল আমীনের সাথে নাঈম গ্রুপের কর্মী রনি ও সনির বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে রুহুলসহ ঘটনার সংবাদ সংগ্রহে উপস্থিত থাকা এক সাংবাদিককে ছাত্রলীগের নাঈম সমর্থিত সুলতানুল আলম সাঈফসহ কয়েক নেতাকর্মী লাঞ্ছিত করে। পরে রাত আড়াইটায় ছাত্রলীগ কর্মী রুহুলকে টেনে- হেঁচড়ে শাহপরান হলের সামনে নিয়ে এসে বেদম প্রহার করা হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে নাঈম গ্রুপ ও সুমন গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছাত্রলীগ কর্মীরা গুলি, রামদা, চাইনিজ কুড়াল, জিআই পাইপ, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নাঈম গ্রুপের কর্মীরা সুমন গ্রুপের কর্মীদের উপর কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় বলেন, উভয় গ্রুপের নেতাদের নিয়ে বসে মিটিং করেছি। আমরা সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।