রেসিপি :ইফতার

এ রমজানে চাই স্বাস্থ্যকর খাবার

চলছে রমজান। আর এই সময়টাতে ইফতার ও সেহরিতে আমরা সবাই কমবেশি সুস্বাদু খাবার খেতে পছন্দ করি। তাই আমাদের এই আয়োজনে রইল এমন কয়েকটি রেসিপি যা আপনাকে স্বাদের পাশাপাশি শরীরের পুষ্টি চাহিদা পূরণের নিশ্চয়তা।

 

দই বড়া

 

উপকরণ :মাষকলাইয়ের ডাল ১ কাপ, বুটের ডালের বেসন সিকি কাপ, আদাবাটা সামান্য, জিরা গুঁড়া ১ চা চামচ, ভাজা মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ কুঁচি ইচ্ছামতো, তেঁতুলের পাল্প সিকি কাপ, টক দই আধা কেজি, চিনি স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পুদিনা পাতা কুঁচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চাট মসলা আধা চা চামচ।

 

প্রণালি :মাষকলাইয়ের ডাল ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এতে আদা বাটা, আধা চা চামচ করে জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে আবার ব্লেন্ড করে একটি পাত্রে নিন। এবার পরিমাণমতো পানি, লবণ ও বেসন মিশিয়ে ১ ঘণ্টা রাখুন। তারপর কড়াইতে তেল গরম করে পরিমাণমতো গোলা নিয়ে ডুবো তেলে ভেজে ১ লিটার পানিতে ১ চামচ লবণ দিয়ে তাতে রাখুন। অন্য একটি পাত্রে এই বড়াগুলো পানি চিপে তুলে রাখুন। এবার টক দই+গোলমরিচ গুঁড়া+জিরা গুঁড়া+চিনি+তেঁতুলের পাল্প+পুদিনা পাতা+বিট লবণ+চাট মসলা+মরিচ গুঁড়া+লবণ দিয়ে ব্লেন্ড করে বড়াগুলোর উপর ঢেলে দিন। ৩/৪ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার দই বড়া।

 

ছোলার চাট

 

উপকরণ :ছোলা সিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুঁচি সিকি কাপ, টমেটো কুচি সিকি কাপ, শসা কুচি সিকি কাপ, তেঁতুলের সস ২ টেবিল চামচ, চাট মসলা আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া সিকি চা চামচ, ভাজা লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২/৩টি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি সিকি চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালি :ছোলা সিদ্ধ করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার এতে উপরের সব উপকরণ মিশিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন। চাইলে সামান্য তেলে ছোলা ভুনেও এই উপকরণ মিশিয়ে পরিবেশন করতে পারেন।

পাউরুটির ডিম চপ

 

উপকরণ :সিদ্ধ ডিম ৪টি, পাউরুটি ৬ স্লাইস, কাঁচা মরিচ কুচি ২টি, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো, ময়দা আধা কাপ।

 

প্রণালি :কাঁচা মরিচ ও পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিন। এবার পাউরুটির সাইড কেটে পানিতে ডুবিয়ে চিপে পানি ঝড়িয়ে ভালো করে মেখে নিন। তারপর এর সাথে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মাখুন। এবার প্রতিটি সিদ্ধ ডিমের উপর মাখানো মিশ্রণের প্রলেপ দিয়ে ডিম ঢেকে দিন। তারপর শুকনা ময়দায় গড়িয়ে ফ্রিজে আধা ঘণ্টা রেখে তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।

বানানা শেক

 

উপকরণ :কলা ২টি, তরল দুধ ২ কাপ, চিনি পরিমাণমতো, রুহ্ আফজা ১ টেবিল চামচ, আইসক্রিম ৩ স্কুপ, বরফ কিউব ৩/৪টি।

 

প্রণালি :বরফ কিউব বাদে উপরের সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে বরফ কিউব দিয়ে পরিবেশন করুন।

 

 

 

মুগডালে গরুর মাংস

 

উপকরণ :মাংস ২৫০ গ্রাম, মুগডাল সিদ্ধ ৫০০ গ্রাম, আলু ৪টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ ও হলুদ পরিমাণমতো, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২টি, শুকনো মরিচ ৪টি, টক দই ২ টেবিল চামচ, গরম মসলা ও তেল পরিমাণ মতো।

প্রণালি :আলু গোল করে কেটে সিদ্ধ করে রাখুন। সিদ্ধ আলুগুলো ছ্যাঁকা তেলে ভেজে নিন। এবার একটি পাত্রে তেল গরম করে তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে সব মসলা ও মাংস দিয়ে কষিয়ে নিন। ভাজা গন্ধ বের হলে লবণ, টক দই ও সিদ্ধ ডাল দিন। প্রেশারকুকারে ৫ মিনিট রান্না করলেই যথেষ্ট। মাখা মাখা হলে গরম মসলা  গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

 

চিকেন উইথ বেল পেপার

 

উপকরণ :চিকেন ব্রেস্ট ১-১/২ কাপ, ক্যাপসিকাম ৩টি ছোট সাইজের ত্রিকোণ করে কাটা (সবুজ, লাল ও হলুদ), পেঁয়াজ কিউব করে কাটা ১টি, পেঁয়াজ কলি ২-৩টি আধা ইঞ্চি সাইজ করে কাটা, কাঁচা মরিচ ফালি ৪-৫টি, রসুন কুঁচি করে কাটা ৪টি, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, লেবুর রস, লবণ পরিমাণমতো।

প্রণালি :চিকেন ব্রেস্ট ছোট টুকরো করে কেটে নিয়ে হালকা লবণ আর লেবুর রস দিয়ে ১০ মিনিট রেখে দিন। একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন হালকা রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিন। মরিচ গুঁড়া ও অল্প পানি দিয়ে একটু কসিয়ে এবার চিকেন ব্রেস্ট ওয়েস্টার সস দিয়ে নাড়তে থাকুন। চিকেন সিদ্ধ হয়ে এলে ক্যাপসিকাম, কাঁচা মরিচ ও পেঁয়াজ কলি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

 

বিফ কাজু ভুনা

 

উপকরণ :বিফ ছোট টুকরো করা ১/২ কেজি, কাজু ও কাঠবাদাম ভাজা ১/২ কাপ, টক দই ১/৪ কাপ, পেঁয়াজ বাটা ১/৪ কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১/২ চা চামচ, পেঁয়াজ কিউব করা ২টি, ঘি ৩ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৪টি।

প্রণালি :প্রথমে বাদাম, বাদাম বাটা, পেঁয়াজ কিউব, ঘি ও কাঁচা মরিচ বাদ দিয়ে সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে ফেলুন। এবার আরেকটি প্যানে ঘি গরম করে পেঁয়াজ কুঁচি, বাদাম বাটা ও মাংস দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা হলে ভাজা কাজু বাদাম দিয়ে ২ মিনিট নেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

পিনাট বাটার চিকেন

 

উপকরণ :বোনলেস মুরগির মাংস ২৫০ গ্রাম, পেঁয়াজ কিউব করা ২টি, বরবটি টুকরো ১/৪ কাপ, ক্যাপ্সিকাম টুকরো ১/৪ কাপ, কাঁচা মরিচ ফালি ৪টি, গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, পিনাট বাটার ২ টেবিল চামচ, রসুন কুঁচি ১ কোয়া, কনফ্লোর ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

প্রণালি :প্রথমে মাংসগুলো টুকরো করে আদা বাটা, লবণ ও কনফ্লোর দিয়ে মেখে রাখতে হবে ১/২ ঘণ্টা। এবার প্যানে তেল গরম করে তাতে রসুন কুঁচি দিয়ে হাল্কা ভেজে মাখানো মাংস ছেড়ে ভাজতে থাকুন। এবার বরবটি দিয়ে ভেজে তাতে পেঁয়াজ দিয়ে দিন। এবার ক্যাপ্সিকাম ও কাঁচা মরিচ ফালি দিন। এবার ১/২ কাপ পানিতে পিনাট বাটার গুলে পাত্রে ছড়িয়ে দিয়ে ঢেকে রাখুন। গ্রেভি ঘন হয়ে এলে গোল মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে গরম রাইসের সাথে পরিবেশন করুন।