নেয়ামুল-রাব্বানীর ‘তবুও জীবন’

গোলাম রাব্বানীর রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক ‘তবুও জীবন’। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নাটকটির শুটিং শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন। নাটকটি নির্মাণ হচ্ছে এনটিভির জন্য। ১০৪ পর্বের এই ধারাবাহিকের অভিনয় শিল্পী নির্বাচন কাজ চলছে বর্তমানে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ নাটকের কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে। গোলাম রাব্বানীর রচনায় ‘ভালোবাসার অনুষঙ্গ’, ‘মুদ্রার এপিট ওপিট’, ‘টিকেট রহস্য’ ‘মুমুর জন্য’ ‘জীবন রঙের ঘ্রাণ’ ‘রান্না কান্না’ নাটকগুলো এর আগে নির্মাণ করেছেন নেয়ামুল। এই জুটির এটাই প্রথম ধারাবাহিক। নেয়ামুল সর্বশেষ ২০০৯ সালে এটিএনবাংলার জন্য একটি ধারাবাহিক নির্মাণ করেছিলেন। ‘তবুও জীবন’ তার চতুর্থ ধারাবাহিক। নতুন এ ধারাবাহিক নিয়ে নেয়ামুল বলেন ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম একটি ধারাবাহিক নাটক নির্মাণের। নানা কারণে হয়ে উঠছিল না। এ গল্পটি আমার পছন্দ হয়েছে। চ্যানেলও পছন্দ করেছে।’ গোলাম রাব্বানী বলেন ‘এটা আমার প্রথম সলো ধারাবাহিক। এ কারণে অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। আমি এখানে জীবনের গল্প বলতে চেয়েছি। জীবনও যে আলাদা একটি চরিত্র এবং আমাদের জীবনে এই জীবনের গুরুত্ব কতটুকু, শত দুঃখ কষ্টের পরেও জীবন হাসি-আনন্দের, কারণ জীবনের কাছে জীবন সুন্দর।’