টানা তেরদিন লেনদেন দুইশ কোটির নিচে
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ২০:০৮
বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা দুইদিন হরতালের দ্বিতীয় দিনে শেয়ারবাজারের সূচক বাড়লেও লেনদেন নেমে এসেছে ১১৬ কোটি টাকায়। এনিয়ে টানা তের কার্যদিবস লেনদেন হয়েছে দুইশ কোটি টাকার নিচে। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থাহীনতাকে বাড়িয়ে দিয়েছে। ফলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হচ্ছে। এর সঙ্গে কমছে লেনদেনও।
তথ্যে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৬৬৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৪৫ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৩৬৫ পয়েন্ট দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৬ কোটি ৪ লাখ টাকা। লেনদেনকৃত ২৬১ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২১৩ টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ৩ কোটি ১২ লাখ ৩ হাজার ৬ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এদিকে ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্সুরেন্স ও ফার্স্ট লিজ ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কন্টিনেন্টাল ইন্সুরেন্স সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ এপ্রিল। কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৪১ পয়সা আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৫ টাকা ৬৮ পয়সা। আর ফার্স্ট লিজ ফাইনান্স ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় ২ টাকা ৯৩ পয়সা আর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৪১ পয়সা।