দক্ষিণের সঙ্গে সামরিক যোগাযোগ ছিন্ন করল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক যোগাযোগের হটলাইন বিচ্ছিন্ন করেছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে দেশ দুটির মধ্যে আকাশপথ বাদে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেল। গতকাল বুধবার উত্তর কোরিয়া যোগাযোগ বিচ্ছিন্নের এ ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ায় পরমাণু হামলা চালানোর হুমকি দেয়ার একদিন পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ঘোষণা আসলো। এর ফলে কোরীয় উপদ্বীপের দুই বৈরী দেশের মধ্যে যেকোনো সময় যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও রয়টার্সের। উত্তর কোরিয়া এর আগে দক্ষিণ কোরিয়ার রেডক্রস হটলাইন এবং বেসামরিক এলাকা পানমুজামে জাতিসংঘ কমান্ডের সঙ্গে থাকা হটলাইন ছিন্ন করে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় সামরিক হটলাইন ছিন্নের বিষয়টি নিশ্চিত করেছে। সামরিক যোগাযোগ ছিল দুই কোরিয়ার মধ্যকার সরাসরি যোগাযোগের সর্বশেষ মাধ্যম। উত্তর কোরিয়ার অংশে দুই দেশের যৌথ শিল্প এলাকা কায়েসংয়ে দক্ষিণ কোরিয়ার কর্মীদের ভ্রমণের সুবিধার্থে এ সামরিক যোগাযোগ ব্যবস্থা চালু ছিল। তবে দেশ দুটির মধ্যে আকাশপথ এখনো বহাল আছে। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, সর্বশেষ কায়েসংয়ে সামরিক হটলাইন ছিন্নের ঘোষণা দিয়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে।