কাউখালীতে ব্রিজ না
থাকায়, দুর্ভোগে তিন
ইউনিয়নবাসী
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ২১:২৭
একটি ঝুঁকিপূর্ণ সাঁকো ও দুটি ব্রিজের ভগ্নদশার কারণে পিরোজপুরের কাউখালী উপজেলার তিনটি ইউনিয়নের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী হাইস্কুল, জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোলাগাতী ফাজিল মাদ্রাসাসহ ৫ গ্রাম, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় ও এমই সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়া ২ নং আমরাজুড়ী ইউনিয়ন ও ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় ও সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়ার পথে সোনাকুর খালের উপর ব্রিজ দিয়ে হাজার হাজার লোক যাতায়াত করে।
সিডরে জোলাগাতী খালের উপরের ব্রিজটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এছাড়া নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় ও সোনাকুর খালের ওপরের ব্রিজ ২টি আংশিক বিধ্বস্ত হয়। বর্তমানে জোলাগাতী খালের উপর সাঁকো তৈরি করে নিলতী ও সোনাকুরের ব্রিজ ২টি কোন রকম জোড়াতালি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ চলাচল করছে। কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর বলেন, ব্রিজ ৩টি নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেলেই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।