ডা. ইমরানসহ ৮ ব্লগারের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শাহবাগ গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী ডা. ইমরান এইচ সরকারসহ ৮ ব্লগারের নামে বরিশাল আদালতে দায়ের করা মামলাটি খারিজ করে দেয়া হয়েছে। গতকাল বুধবার শুনানির দিন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদুর রহমান মামলাটি খারিজ করে দেন। গত সোমবার আইনজীবী সুলতান আহমেদ খান বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় ডা. ইমরান এইচ সরকার, ব্লগার আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান, অমি রহমান পিয়াল, ইব্রাহিম খলিল, বিপ্লব, হাসান ও আরিফ জেবতিককে আাাসামি করা হয়। মামলায় বাদী উল্লেখ করেন, শাহবাগ প্রজন্ম চত্বরের সমন্বয়কারী ডা. ইমরান এইচ সরকারসহ ৮ ব্লগার ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মত কাজ করেছেন। ঐ দিন আদালত ২৭ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন। বাদী অ্যাডভোকেট সুলতান আহমেদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, অ্যাডভোকেট শহিদুজ্জামান, অ্যাডভোকেট নূরুল হক দুলাল প্রমুখ।