বিএসএফ’র হাতে
জীবননগরের দুই গরু ব্যবসায়ী আটক
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ২১:২৮
বুধবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আবু তালেব (৪৫) ও মিজানুর রহমান মিজান (৫৫) আটক হয়েছে। আটক দুই জনের মধ্যে বিএসএফের নির্যাতনে আবু তালেবের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত সে জীবিত আছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত আবু তালেবের ছোট ভাই বিশারত আলী (৪০) নিখোঁজ রয়েছে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বেনীপুর বিত্তিপাড়ার মৃত বকস মন্ডলের ছেলে আবু তালেব ও মৃত আনজের আলীর ছেলে মিজানুর রহমান মিজান গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। বুধবার ভোরে তারা গরু পার করে আনাকালে ভারতের নোনাগঞ্জ বিএসএফর হাতে আটক হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ বিবিজিকে জানায়, ভারতীয় আইনে মামলা দায়ের করে আটককৃতদের কৃষ্ণনগর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।