চিতলমারীতে সন্ত্রাসী বাহিনীর
বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ২১:২৯
বাগেরহাটের চিতলমারীতে মাহাতাব-রমজান বাহিনীর চাঁদাবাজি, হামলা, নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ফুঁসে উঠেছে পরানপুর গ্রামের কয়েক হাজার মানুষ। বুধবার দুপুরে ওই বাহিনীর বিরুদ্ধে কয়েকশ’ জনসাধারণ বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে অবস্থান নেয়। সমপ্রতি চিতলমারীর পরানপুর গ্রামের মৃত বশির ফকিরের ছেলে ফরিদ ফকিরের সাথে একই গ্রামের আসলাম মোল¬্যা ও আমজেদ মোল¬্যার জমাজমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে আসলামের আত্মীয় নালুয়া গ্রামের মাহাতাব-রমজান বাহিনীর লোকজন গত ২৪ মার্চ ফরিদ ফকিরের পুত্র আঃ ফকির (২২), শহিদুল ফকির (২০), জিয়ারুল ফকির (১২), জাহিদুল ফকিরকে (১৬) বাড়ি থেকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে এবং গত ২৬ মার্চ অহিদ ফকির (২৭) নামের এক ব্যক্তিকেও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে টুঙ্গীপাড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার প্রতিকার চেয়ে ওই এলাকার কয়েকশ’ মানুষ বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা চত্বরে এসে সমবেত হয়। এ ব্যাপারে মাহাতাবুজ্জামান (মাহাতাব) জানান, তার কোন বাহিনী নেই। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। সড়ক দুর্ঘটনায় তিনি প্রায় ১ মাস ধরে শয্যাশয়ী। তবে রমজান আলী সব অভিযোগ অস্বীকার করে জানান, তার লোকজন কোন মারামারি করেনি। পরানপুর গ্রামের রুহুল শেখ তার সুনাম ক্ষুণ্ন করার জন্য বিক্ষোভ মিছিলের নাটক করেছে।